টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদক, বাচসাস নিয়ে রাহাত সাইফুলের নতুন পরিকল্পনা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম
টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদক, বাচসাস নিয়ে রাহাত সাইফুলের নতুন পরিকল্পনা

সংগৃহীত

বিনোদন ডেস্ক


বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাইজিংবিডির ফিচার এডিটর রাহাত সাইফুল। সংগঠনের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।


নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণের পর বাচসাসের দীর্ঘদিনের পুরস্কার জট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান রাহাত সাইফুল। এ লক্ষ্যে আগামী ৫ এপ্রিল সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে গত চার বছরের বাচসাস পুরস্কার প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছেন। পরবর্তী বছর বাকি চার বছরের পুরস্কার প্রদান করতে চান তিনি।


রাহাত সাইফুল বলেন, আগামী মাসের মধ্যেই বাচসাসের জন্য একটি কার্যালয়ের ব্যবস্থা করতে চান। পাশাপাশি সংগঠনের নিজস্ব স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার জন্যও কাজ করবেন। সদস্যদের মধ্যে সম্পৃক্ততা ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে পরিবার দিবস, ইফতার মাহফিল, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, সদস্যদের পরিচয়পত্র প্রদান এবং সংগঠনের নিজস্ব ওয়েবসাইট চালুর উদ্যোগ নেওয়া হবে।


২০২৪-২৬ মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, ওই সময়ে পরিবার দিবস, ইফতার ও দোয়া মাহফিল, পিঠা উৎসব, গুণীজন সম্মাননা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর মগবাজারের ইনসাফ আল বারাকা হাসপাতালের সঙ্গে বাচসাসের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর ফলে সদস্যরা তুলনামূলক কম খরচে ওই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে পারবেন।


সংগঠনকে আরও শক্তিশালী করতে ৮১ জন চলচ্চিত্র সাংবাদিককে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো ‘বাচসাস ভয়েস’ শিরোনামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে।


রাহাত সাইফুল বলেন, গত মেয়াদে শুরু করা কার্যক্রমগুলো আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে বাচসাসকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে চান তিনি।


সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাচসাস তাঁর কাছে শুধু একটি সংগঠন নয়, এটি ভালোবাসা, আবেগ ও আত্মার বন্ধনের জায়গা। সদস্যদের ভালোবাসা, আস্থা ও সমর্থন তাঁকে প্রতিটি ধাপে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। আগামী দিনের পথচলাও সদস্যদের সঙ্গে নিয়েই এগিয়ে নিতে চান তিনি।


উল্লেখ্য, ২০১৭ সালে প্রথমবার বাচসাস নির্বাচনে অংশ নেন রাহাত সাইফুল। ২০১৭-১৯ মেয়াদে কার্যনির্বাহী সদস্য পদে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। ওই নির্বাচনে কার্যনির্বাহী সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পান তিনি।


২০১৯-২১ মেয়াদে সাংগঠনিক সম্পাদক পদে ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ২০২২-২৪ মেয়াদে সহ-সাধারণ সম্পাদক পদে ২৫৪ ভোট পেয়ে জয়লাভ করেন। এরপর ২০২৪-২৬ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


সর্বশেষ ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৯২ ভোটের ব্যবধানে জয়ী হন রাহাত সাইফুল। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান। টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাচসাসের নেতৃত্বে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।


এমকে/বিএম২৪