চাকসু নির্বাচনে দুই নির্বাচন কমিশনারের শপথ গ্রহণ।
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন ২০২৫ এর তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর ২০২৫ তারিখে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থী ও শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে নির্বাচন কমিশন জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ও সদস্য-সচিব প্রফেসর ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী। নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এই পরিবর্তন আনা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এক দিন বাড়িয়ে আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। তবে তফশিলের অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে। নির্বাচন উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের দিন ১৫ অক্টোবর এবং পরেরদিন ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
তাছাড়া মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুইজন নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন। শপথ গ্রহণ করেছেন প্রফেসর ড. বেগম ইসমত আরা হক এবং পদাধিকার বলে চবির নবনিযুক্ত প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। এর আগে ১১ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অন্যান্য নির্বাচন কমিশনারবৃন্দকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার।









