চবির নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা, দৌড়ে পালালেন পরিক্ষার্থী
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক পরীক্ষার্থী। তবে ধরা পড়ার পর ভয়ে তিনি পরীক্ষার কক্ষ থেকে দৌড়ে পালিয়ে যান।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে এ ঘটনা ঘটে। ধরা পড়া ওই পরীক্ষার্থীর নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বর্তমানে চবির ফাইন্যান্স বিভাগে নিম্নমান সহকারী হিসেবে কর্মরত। এদিন ওশানোগ্রাফি বিভাগের সেকশন অফিসার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৬৯ জন পরীক্ষার্থী অংশ নেন।
পরীক্ষা শুরুর আধঘণ্টা পর মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লিখতে দেখা যায় রফিকুলকে। বিষয়টি নজরে আসলে হল পরিদর্শক ডেপুটি রেজিস্ট্রার আইরিন পারভিন ও সহকারী রেজিস্ট্রার মইনুল হোসেন তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় নিজের মোবাইল ফোন ফেলে কক্ষ থেকে পালিয়ে যান তিনি। পরে তার মোবাইল ফোন, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র জব্দ করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, “নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে আমাদের এক কর্মচারী ধরা পড়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।









