‎চট্টগ্রামে লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম
‎চট্টগ্রামে লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

এম হেলাল উদ্দিন নিরব,  বিশেষ প্রতিনিধি:

‎চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

‎বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারখানায় শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট কিংবা ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় সৃষ্ট স্পার্ক থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। 


এতে ঘটনাস্থলেই ১০ শ্রমিক দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

‎দগ্ধ শ্রমিকরা হলেন— বোয়ালখালীর দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ (৫৩), চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালীর নূর নবী (২৫), পটিয়ার মোহাম্মদ আলম (৪৫), পটিয়ার মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের সেলিম উদ্দিন (৩০)।

‎চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন জানান, দগ্ধ ১০ শ্রমিককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

‎এদিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সকাল ১১টার দিকে কারখানায় ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। এতে ১০ জন শ্রমিক দগ্ধ হন। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।