বাগেরহাটের শরণখোলায় দম্পতির মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম
বাগেরহাটের শরণখোলায় দম্পতির মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে নিজ ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন কবির হাওলাদার (৩০) ও তাঁর স্ত্রী হালিমা বেগম (২৫)। পুলিশ জানায়, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবেশীরা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ চলছিল। হালিমা বেগমের গলায় আঘাতের চিহ্ন থাকায় স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, এটি হত্যার পর আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

ঘর থেকে একটি হাতে লেখা চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা রয়েছে— "এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।" চিরকুটটির উৎস ও সত্যতা যাচাই করা হচ্ছে।

নিহত দম্পতির দুই সন্তান রয়েছে। ঘটনার সময় দুই মাস বয়সী শিশুসন্তানটি ঘরেই ছিল। স্বজনরা এসে বাবা-মায়ের মরদেহের পাশে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া আলামত এবং চিরকুট গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।