জুলাই শহীদ দিবস উদযাপনে চিতলমারীতে প্রস্তুতি সভা, আবেগঘন পরিবেশ
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভার এক আবেগঘন মুহূর্তে জুলাই আন্দোলনের শহীদ সাবিবর মল্লিক ও শহীদ জসিম ফকিরের বাবা তাঁদের সন্তানদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান নান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী এবং এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাকা মিয়া।
বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতে ‘জুলাই শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।









