চিতলমারীতে কৃষক স্মার্ট কার্ডের তথ্য নিবন্ধন শুরু, উদ্বোধন করলেন ইউএনও

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম
চিতলমারীতে কৃষক স্মার্ট কার্ডের তথ্য নিবন্ধন শুরু, উদ্বোধন করলেন ইউএনও

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে কৃষকদের জন্য স্মার্ট কৃষক কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী বক্তব্য দেন।

বক্তারা বলেন, কৃষকদের একটি নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি হলে সরকারি কৃষি সহায়তা, প্রণোদনা ও অন্যান্য সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এজন্য তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিবন্ধন করবেন এবং কৃষকদের নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানান। পাশাপাশি তারা স্পষ্ট করে বলেন, এ কার্যক্রমে কোনো ধরনের অর্থ বা ফি নেওয়া হবে না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী ব্লক থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহে দায়িত্ব পালন করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা— কে. এম. শাহনেওয়াজ, কামনাশীষ মজুমদার, মশিউর রহমান, নিমাই চাঁদ মোহস্ত, প্রসেনজিত মন্ডল, শংকর মজুমদার ও সরোজ কুমার বাকচী।