তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী চীন সফর করলেও কোন কাজ হয়নি -কুড়িগ্রামে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
দেশের কৃষকদের অধিকার, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষি খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘জাতীয় কৃষক শক্তি’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বৃহস্পতিবার বিকাল পাঁচ টায় কুড়িগ্রাম জেলার রাজার হাট উপজেলার টগরাই হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক, সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী চিন সফর করলেও কোন কাজ হয়নি। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষক। কৃষকের ন্যায্য অধিকার, উৎপাদিত ফসলের সঠিক মূল্য এবং আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি কৃষকদের স্বার্থ সংরক্ষণে সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কৃষক শক্তি কৃষকদের অধিকার আদায়, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করবে।
সমাবেশে বক্তারা কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন এবং কৃষি খাতের উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে জাতীয় কৃষক শক্তির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করে একটি আংশিক কৃষক শক্তি জেলা কমিটি করে দেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, নারী শক্তির আহবায়ক, নাসিরা খন্দকার নিশা, সদস্য সচিব মেরিনা পারভীন সহ আরও অনেকে। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ন আহবায়ক মিডিয়া প্রধান রাশেদুজ্জামান তৌহিদ।








