চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ আর নেই

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ১১:২৩ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিশিষ্ট স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. তোফায়েল আহমেদ আর নেই। বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


পারিবারিক সূত্রে জানা গেছে, রাতেই তার মরদেহ নিজ শহর চট্টগ্রাম নেওয়া হবে এবং সেখানেই জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।


২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাচনি সংস্কার কমিশনের সদস্য হিসেবে মনোনীত হন ড. তোফায়েল আহমেদ। পরবর্তীতে তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।


দেশের স্থানীয় সরকার কাঠামো, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং উন্নয়ন ব্যবস্থাপনা নিয়ে তার গবেষণা ও দিকনির্দেশনা একাডেমিক ও নীতিনির্ধারণী মহলে উচ্চ প্রশংসিত। প্রশাসনিক বিকাশ ও স্থানীয় সরকার সংস্কারে তার ভাবনা আজও প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক হিসেবে বিবেচিত হয়।


ড. তোফায়েল আহমেদ ১৯৫৫ সালের ৪ মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। ১৯৭৬ এবং ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


এরপর ১৯৮১ সালে যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক খাত পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯১ সালে তিনি উন্নয়ন অধ্যয়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।


দীর্ঘ একাডেমিক জীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যাপনা করেছেন এবং দেশের স্থানীয় সরকারব্যবস্থার নানা সংস্কার প্রস্তাবনা ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।


তার মৃত্যুতে একাডেমিক মহল, প্রশাসনিক বিশেষজ্ঞ এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।