চট্টগ্রামের দাপুটে জয়ে রাজশাহী বিপর্যস্ত
রাজশাহী প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) রাজশাহী ভেন্যুতে চার দিনের ম্যাচে চট্টগ্রাম বিভাগ দাপুটে খেলায় স্বাগতিক রাজশাহী বিভাগকে ১১২ রানে পরাজিত করেছে।
মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচের শেষ দিনে জয়ের জন্য রাজশাহীর প্রয়োজন ছিল ২৬৪ রান, অন্যদিকে চট্টগ্রামের দরকার ছিল মাত্র ৬ উইকেট।
আগের দিনের ৪ উইকেটে ২১৯ রান নিয়ে খেলা শুরু করলেও রাজশাহীর ব্যাটিং লাইনআপ বেশিক্ষণ টিকতে পারেনি। বাকি ১৫১ রান যোগ করতেই দলের শেষ ছয় ব্যাটসম্যান সাজঘরে ফেরেন, ফলে দ্বিতীয় ইনিংসে ৩৭০ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
রাজশাহীর পক্ষে প্রীতম কুমার সর্বোচ্চ ৮৩ রান করেন। এছাড়া মেহরাব ৬০, সাখির হোসেন ৫২ ও হাবিবুর রহমান ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
চট্টগ্রামের বোলারদের মধ্যে হাসান মুরাদ দুর্দান্ত পারফরম্যান্স দেখান, তিনি ৯৬ রানে ৩ উইকেট নেন। এছাড়া আহমেদ শরিফ ও নাঈম হাসান ২টি করে উইকেট দখল করেন।
দুই ইনিংসে অসাধারণ ব্যাটিং ও নেতৃত্বগুণের কারণে চট্টগ্রামের ইয়াসির আলি রাব্বিকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়।
চট্টগ্রামের এই জয়ে দলটি লিগ টেবিলে গুরুত্বপূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।









