কোটচাঁদপুরে প্রয়াত সাংবাদিক খোন্দকার শামসুজ্জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
কোটচাঁদপুরে প্রয়াত সাংবাদিক খোন্দকার শামসুজ্জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

শামীম খাঁন, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রয়াত সিনিয়র সাংবাদিক ও কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খোন্দকার শামসুজ্জামান-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের কলেজ বাসস্ট্যান্ড এলাকায় পৌর বাস টার্মিনালে অবস্থিত উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

সভায় বক্তারা মরহুম খোন্দকার শামসুজ্জামানের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন—তিনি ছিলেন এক আদর্শবান, নিষ্ঠাবান ও নীতিনিষ্ঠ সাংবাদিক। সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল অনন্য। সংবাদপত্রের মাধ্যমে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছেন।

উল্লেখ্য, খোন্দকার শামসুজ্জামান ছিলেন দৈনিক মিল্লাত পত্রিকার নিজস্ব সংবাদদাতা ও প্রেসক্লাব কোটচাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র সাবেক সেক্রেটারি প্রভাষক শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, খোন্দকার শওকত হোসেন, সাবেক থানা ছাত্রশিবির সভাপতি আনাচ উদ্দিন, বর্তমান সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, গোলাম মর্তুজা, রহিম, জসিম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।