কুড়িগ্রামে এক বছরে গ্রাম আদালতে ২৩৩৫ মামলার নিষ্পত্তি
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
গত এক বছরে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৭৩টি ইউনিয়ন পরিষদে অবস্থিত গ্রাম আদালতগুলোতে দুই হাজার ৩৩৫টি মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানাগেছে । নিষ্পত্তি হওয়া এসব মামলা গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা ছিল।
মঙ্গলবার (৩০সেপ্টেম্বর)জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা' শীর্ষক সভায় এ তথ্য জানানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।
অনুষ্ঠানে এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক
দৌলতুন নেছা জানান, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত গ্রাম আদালতগুলোতে সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীদের মোট দুই হাজার ৫১৫টি আবেদন জমা হয়। এর মধ্যে দুই হাজার ৩৩৫টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এই সময়ের মধ্যে আদালতের বিচারপ্রার্থীরা মোট এক কোটি ৫১ লাখ ৬২ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, ইউনিয়নের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব ইউপি চেয়ারম্যানদের। এ বিষয়ে চেয়ারম্যানদের আন্তরিক হতে হবে। বিশেষ করে সীমানা সংক্রান্ত পারিপার্শ্বিক দ্বন্দ্ব। এ সমস্যাগুলো গ্রাম আদালতের মাধ্যমে গুরুত্ব সহকারে নিষ্পত্তি করতে হবে। পরিষদের এজলাসগুলো সংস্কার করতে হবে। গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় ইউনিয়নের সকল নাগরিককে সমান দৃষ্টিতে দেখতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিতম কুণ্ডুর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।









