ডেঙ্গু প্রতিরোধে ২৯ নম্বর ওয়ার্ডে মশারি বিতরণ

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম
ডেঙ্গু প্রতিরোধে ২৯ নম্বর ওয়ার্ডে মশারি বিতরণ

সূত্রঃ সংগৃহীত

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। মাহমুদুল হক সেতু এলাকায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের হাতে মশারি তুলে দেওয়া হয়।


ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা এবং মশার কামড় থেকে বাঁচতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দারা অংশ নেন।


এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দিনের বেলাতেও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রামসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


স্থানীয় বাসিন্দারা জানান, ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে পরিচালিত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ওয়ার্ডবাসীকে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।


এমকে/বিএম২৪