নতুন ঘরের চাবিতে খুলল স্বপ্নের দরজা, বাইতুল হিকমাহ মাদরাসার নির্মাণকাজ উদ্বোধন
সূত্রঃ সংগৃহীত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে ধর্মীয় ও শিক্ষামূলক অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন অধ্যায়। উদবাড়িয়া, ধারাবারিষা, খাকড়াদহ ও আংশিক শিধুলী এলাকার নয়াবাজার মাদরাসা প্রাঙ্গণে বাইতুল হিকমাহ মারকাযুল কুরআন মাদরাসার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি প্রকৌশলী মো. আব্দুল হামিদ।
পবিত্র কুরআনের শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে নির্মিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে মাদরাসাটি এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা ও মানবিক বিকাশের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রে পরিণত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে মাদরাসার সফলতা, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
নয়াবাজার মাদরাসা প্রাঙ্গণে শুরু হওয়া এই নির্মাণকাজকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এমকে/বিএম২৪









