কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ
সূত্রঃ বিডি মেইল
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যক্রম পুরাতন নিজস্ব ভবনে ফেরানোর দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার কাতুলী গ্রামের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে স্থানীয়দের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন হাফিজার মেম্বার, এনামুল মাস্টার, সুলতান মিয়া, আব্দুর রশিদ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, একসময় কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম কাতুলী গ্রামের নিজস্ব পুরাতন ভবন থেকেই পরিচালিত হতো। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের ভবন কিশোরগাড়ী এলাকায় স্থানান্তর করা হলে কাতুলীর পুরাতন ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, পরিষদের কার্যক্রম দূরে স্থানান্তর হওয়ায় কাতুলীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাশিয়াবাড়ীতে যেতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন বয়স্ক, নারী ও অসুস্থ ব্যক্তিরা।
তারা জানান, কাতুলী ও আশপাশের এলাকার অনেক বাসিন্দাকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। পরিষদে গিয়ে চেয়ারম্যান বা সদস্যদের অনুপস্থিত পেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় দূর-দূরান্ত থেকে গিয়েও প্রয়োজনীয় সেবা না পেয়ে বাড়ি ফিরতে হয় বলে অভিযোগ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এর অন্যতম উদ্দেশ্য। অথচ ভবন দূরে স্থানান্তরের কারণে স্থানীয়দের সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এর স্থায়ী সমাধান হয়নি।
এ সময় বক্তারা জনসাধারণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম কাতুলী গ্রামের পুরাতন নিজস্ব ভবনে পুনরায় স্থানান্তরের দাবি জানান। একই সঙ্গে ভবনটি সংস্কার করে দ্রুত পরিষদের কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
স্থানীয়দের দাবি, পুরাতন ভবনটি পুনরায় ব্যবহার উপযোগী করে সেখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালু করা হলে কাতুলীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে এবং তারা সহজেই সরকারি সেবা নিতে পারবেন।








