শরীয়তপুরে ওরশের মেলায় কিশোর গ্যাংয়ের তাণ্ডবের চেষ্টা, উদ্ধার দেশীয় অস্ত্র

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ এএম
শরীয়তপুরে ওরশের মেলায় কিশোর গ্যাংয়ের তাণ্ডবের চেষ্টা, উদ্ধার দেশীয় অস্ত্র

সূত্রঃ প্রতীকী ছবি

শরীয়তপুর প্রতিনিধি


শরীয়তপুরের চরভাগা ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত পবিত্র ওরশ শরিফের মেলায় দেশীয় অস্ত্রসহ একদল কিশোরের সন্দেহজনক উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যরা মেলায় বিশৃঙ্খলা ও সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তবে স্থানীয়দের তৎপরতায় তারা পালিয়ে যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, ওরশ শরিফ উপলক্ষে আয়োজিত মেলায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এ সুযোগে একদল কিশোর দলবদ্ধভাবে মেলায় প্রবেশ করে। তাদের কয়েকজনের কাছে সুইচ গিয়ার (ফোল্ডিং চাকু), সাইকেলের চেইনসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে স্থানীয়রা জানান।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কিশোরদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়দের কয়েকজন বিষয়টি বুঝতে পারেন। পরে তাদের আটকের চেষ্টা করা হলে কিশোররা বিষয়টি টের পেয়ে মেলার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পরে ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে পালিয়ে যাওয়া কিশোরদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


ঘটনার পর মেলায় আগত দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ধর্মীয় ও সামাজিক এসব আয়োজনে অস্ত্রসহ কিশোরদের এমন উপস্থিতি উদ্বেগজনক।


এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মেলায় নিরাপত্তা জোরদার এবং পালিয়ে যাওয়া কিশোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।