সেপ্টেম্বর মাসে বাংলাদেশ মেইলের সেরা রিপোর্টার হলেন যারা
সূত্রঃ সংগৃহীত
ডেস্ক রিপোর্ট
প্রতিবেদন দক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ সেপ্টেম্বর মাসের সেরা প্রতিনিধিদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ মেইল। দেশজুড়ে কর্মরত প্রতিনিধিদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের কাজের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন চারজন।
সময়োপযোগী সংবাদ পরিবেশন, মাঠপর্যায়ে সক্রিয়তা, সংবাদ সংগ্রহে আন্তরিকতা এবং তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তারা এই স্বীকৃতি অর্জন করেছেন। বাংলাদেশ মেইল পরিবারের পক্ষ থেকে বিজয়ীদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
‘ডেইলি ইভেন্ট সেরা প্রতিনিধি’ হিসেবে নির্বাচিত হয়েছেন শরীয়তপুর জেলা প্রতিনিধি রবিউল মোল্লা। নিয়মিত সংবাদ সংগ্রহ, স্থানীয় বিভিন্ন ঘটনা ও গুরুত্বপূর্ণ ইভেন্ট দ্রুত পাঠানো এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেছেন।
‘সেরা ক্যাম্পাস প্রতিনিধি’ হিসেবে নির্বাচিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রতিনিধি সাকিবুল ইসলাম। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ, শিক্ষার্থীদের নানা বিষয় এবং ক্যাম্পাসের সমসাময়িক ঘটনাগুলো তুলে ধরার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা এ স্বীকৃতির অন্যতম কারণ।
‘সেরা স্পেশাল ইভেন্ট প্রতিনিধি’ হিসেবে নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলা প্রতিনিধি প্রিন্স মন্ডল অলিফ। বিশেষ আয়োজন ও গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহ এবং সময়োপযোগী প্রতিবেদন পাঠানোর ক্ষেত্রে তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মান অর্জন করেছেন।
আধুনিক সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ে সেপ্টেম্বর মাসের সেরা নির্বাচিত হয়েছেন সিজান হোসেন। সংবাদ উপস্থাপনায় ছবি, ভিডিও ও অন্যান্য মাল্টিমিডিয়া কনটেন্ট ব্যবহারের মাধ্যমে পাঠকের কাছে তথ্য আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার ক্ষেত্রে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সেপ্টেম্বর মাসের সেরা নির্বাচিত চার প্রতিনিধিকে বাংলাদেশ মেইল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে আগামী দিনেও তারা আরও তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে পাঠকের কাছে গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।
এমকে/বিএম২৪









