ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ৬৮ জন পুরুষ ও ৭১৪ জন নারী। এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ২৬২ জন। এরপর ২৬ থেকে ৩০ বছর বয়সী ২৫৩ জন এবং ১৬ থেকে ২০ বছর বয়সী ২৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন আটজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৪৯ জনে।
মারা যাওয়া আটজনের মধ্যে দুজন পুরুষ ও ছয়জন নারী। তাদের মধ্যে ৪৬ থেকে ৫০ বছর বয়সী দুজন রয়েছেন। এছাড়া ১১ থেকে ১৫, ৩১ থেকে ৩৫, ৩৬ থেকে ৪০, ৪১ থেকে ৪৫, ৬১ থেকে ৬৫ এবং ৮০ বছরের বেশি বয়সী একজন করে মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৭৫৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮৭৪ জনে।
এমকে/বিএম২৪









