চার্চে ঢুকে কাঁচের বক্স ভাঙচুর, পুকুর থেকে উদ্ধার মা মারিয়ার মূর্তি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পিএম
চার্চে ঢুকে কাঁচের বক্স ভাঙচুর, পুকুর থেকে উদ্ধার মা মারিয়ার মূর্তি

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি


বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করে কাঁচের বক্স ভাঙচুর ও মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মো. ফায়জুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৩ সেপ্টেম্বর চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে প্রবেশ করেন ফায়জুল শেখ। সেখানে চার্চের বারান্দার দেয়ালের সঙ্গে থাকা কাঁচের বক্সের গ্লাস ভাঙচুর করেন তিনি। পরে ওই বক্সে থাকা মা মারিয়ার মূর্তিটি পাশের পুকুরে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।


ঘটনাটি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা ডাক-চিৎকার করলে ফায়জুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ফায়জুল শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর চার্চের পশ্চিম পাশের পুকুরে অভিযান চালানো হয়। এ সময় পানির নিচ থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়।


এ ঘটনায় ফায়জুল শেখের বিরুদ্ধে ২৪ সেপ্টেম্বর চিতলমারী থানায় মামলা করা হয়েছে। মামলাটি নম্বর-১২। এতে দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ২৯৫ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।


পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।


এমকে/বিএম২৪