আওয়ামী লীগকে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম
আওয়ামী লীগকে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান

সূত্রঃ সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি


দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি ও সরকার পতনের ষড়যন্ত্রে আওয়ামী লীগ কাজ করছে এবং এর অন্তরালে জামায়াত রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


দেশবাসীর উদ্দেশে রাশেদ খান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরে রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলে দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।”


তিনি অভিযোগ করে বলেন, “চব্বিশের জুলাই আন্দোলনে পরাজিত শক্তি এবং একাত্তরের ঘাতকেরা আজ একসঙ্গে মিলেমিশে বিএনপি সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের অপচেষ্টাও চালাচ্ছে। তবে এটিও মনে রাখা উচিত, আওয়ামী লীগ ফিরলে ভবিষ্যতে জামায়াতকেই সবচেয়ে বড় খেসারত দিতে হবে। জামায়াত নেতাদেরই আবার ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।”


সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান আরও বলেন, “সরকার যখন রাষ্ট্র পুনর্গঠনের মূল ধারায় আলোকপাত করছে, ঠিক তখনই একটি মহল পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্য এবং আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার হুমকির মধ্যে স্পষ্ট যোগসূত্র রয়েছে।”


তিনি বলেন, “বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখার বদলে জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের যৌক্তিক সংস্কারকাজে বাধা সৃষ্টি করছে। এমনকি জ্বালানি সংকটের মতো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ইস্যুকে পুঁজি করে তারা লংমার্চের নামে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে।”


জামায়াতের হাইকমান্ডের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে রাশেদ খান বলেন, “নির্বাচনের আগেই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার যে মনোভাব জামায়াত দেখাচ্ছে, তা আত্মঘাতী। তাদের এই ইন্ধনেই নিষিদ্ধ ঘোষিত ও গণরোষে পতিত ছাত্রলীগ-যুবলীগ রাজপথে মিছিল করার দুঃসাহস পাচ্ছে।”


তিনি আরও বলেন, “জামায়াত নেতাদের মনে রাখা উচিত, যে আওয়ামী লীগকে তারা ফেরাতে চাচ্ছে, সেই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে আবারও তাদের নেতা-কর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলাবে। তাই এই দেউলিয়াত্বের রাজনীতি বন্ধ করে জামায়াত নেতাদের দ্রুত সতর্ক হওয়া প্রয়োজন।”


এর আগে সকালে শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এমকে/বিডিমেইল২৪