শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুলাভাই
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার দুলাভাই আবু হানিফকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, বর্তমানে ওই তরুণী ছয় মাসের অন্তঃসত্ত্বা। বুধবার রাতে নিজ বাড়ি থেকে আবু হানিফকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু হানিফ ওই তরুণীর চাচাতো বোনের স্বামী। পরিচয়ের সূত্র ধরে তিনি তরুণীর বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় নয় মাস আগে তারা সিলেটে বেড়াতে যান। সেখানে একটি ভাড়া বাসায় বিয়ের আশ্বাস দিয়ে হানিফ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ওই তরুণী।
তরুণীর অভিযোগ, ঘটনার পর তিনি হানিফকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তরুণী জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। এরপর থেকে হানিফ তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।
এজাহারে তরুণী আরও অভিযোগ করেন, গর্ভের সন্তান নষ্ট করার জন্য হানিফ তাকে একাধিকবার হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে মারধর করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর রাতে হানিফের গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের জন্য চাপ দেন ওই তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মোহনগঞ্জ থানায় হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই তরুণী। পরে বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, তরুণীর করা ধর্ষণ মামলায় আবু হানিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানোসহ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪








