ডেঙ্গুতে আক্রান্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
ডেঙ্গুতে আক্রান্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।


সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১১ দিনে মারা গেছেন ৬২ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।


বুলেটিনে বলা হয়, রোববার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে।


এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪২৮ জন। এ নিয়ে চলতি বছর মোট ৯৫ হাজার ৩৩১ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ২৯৮ জন, চট্টগ্রামে ২৮৭ জন, রাজশাহীতে ২৫৩ জন, বরিশালে ২৪৩ জন, ময়মনসিংহে ১০২ জন এবং রংপুরে ৯২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মশার প্রজননস্থল ধ্বংস এবং এডিস মশার বিস্তার রোধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এমকে/বিএম২৪