ভারতের ছয় রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ
ছবি : সংগৃহীত
সাইদুল ইসলাম আলভী
ভারতের ছয়টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নতুন এই নিয়োগের ফলে সিকিম, কেরালা, তামিলনাড়ু, ওডিশা, কর্ণাটক ও উত্তরাখণ্ডের রাজ্যপাল পদে পরিবর্তন আসছে।
সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত দ্য টাইমস অব ইন্ডিয়া–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওম প্রকাশ মাথুরকে কেরালার নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি সিকিমের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, কেরালার বিদায়ী রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে তামিলনাড়ুর নতুন রাজ্যপাল করা হয়েছে।
এ ছাড়া দুষ্যন্ত গৌতমকে সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগের অংশ হিসেবে ব্রজ মোহন রামকে ওডিশা, ড. সুধা যাদবকে কর্ণাটক এবং ড. ধল সিং বিসেনকে উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই নিয়োগের মধ্য দিয়ে ভারতের ছয়টি রাজ্যের সাংবিধানিক পদে পরিবর্তন আসছে। নতুন রাজ্যপালদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলোতে এ পরিবর্তন কার্যকর হবে।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া









