লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলল বাংলাদেশ

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলল বাংলাদেশ

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক



ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে পরপর দুই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলেছে বাংলাদেশ। মার্নাস লাবুশেনের পর স্টিভ স্মিথকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে সফরকারীরা।


তৃতীয় দিনের শেষ সেশনে ২ উইকেটে ৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। লাবুশেন ২১ ও স্মিথ ৮ রানে অপরাজিত ছিলেন। সেশনের তৃতীয় ওভারে লাবুশেনকে বোল্ড করে ফেরান তাইজুল ইসলাম।


এরপর স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন কিছুটা প্রতিরোধ গড়েন। ১০৬ বলে ৪৯ রানের জুটি গড়ে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন তারা। তবে সেই জুটি ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ। ফিরতি ক্যাচে স্মিথকে ৪৪ রানে আউট করেন এই স্পিনার। ৮৮ বলের ইনিংসে স্মিথ মারেন পাঁচটি চার। তার বিদায়ে ১২২ রানে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া।


এর আগে প্রথম ইনিংসে ২২৮ রানের লিড পাওয়ায় অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন হাসান মাহমুদ। বোল্ড করে ফেরান অজি ওপেনার স্যাম কনস্টাসকে। মাত্র ৩ বল খেলে কোনো রান না করেই ফেরেন তিনি। এতে ৪ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।


এরপর আরেক ওপেনার ট্রাভিস হেডও বেশিক্ষণ টিকতে পারেননি। হাসানের বলেই বোল্ড হয়ে ১৭ রানে ফেরেন তিনি। ৩৫ বলের ইনিংসে হেড মারেন তিনটি চার। তার উইকেট পতনে ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে এরই মধ্যে আটটি উইকেট শিকার করেছেন হাসান।


তবে স্মিথকে ফিরিয়ে দেওয়ার সুযোগ এর আগেও পেয়েছিল বাংলাদেশ। ১৪তম ওভারে ইবাদত হোসেনের কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন স্মিথ। রিপ্লেতে দেখা যায়, বল তার ব্যাটে লাগেনি। স্নিকোমিটারে যে স্পাইক দেখা গিয়েছিল, সেটি ব্যাট মাটিতে আঘাত করার কারণে তৈরি হয়েছিল। ফলে ৩ রানে জীবন পান স্মিথ। যদিও সেই সুযোগ কাজে লাগিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি তিনি।



এমকে/বিএম২৪