খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈরে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম
খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈরে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সূত্রঃ সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি



বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে পৌর যুবদল।


শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মসজিদে খালেদা জিয়ার জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়।


এরই অংশ হিসেবে সকাল ১০টার দিকে কালিয়াকৈর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে পৌর যুবদল। নেতাকর্মীরা ঝাড়ু, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে উপজেলা চত্বর, আশপাশের সড়ক ও ড্রেন পরিষ্কার করেন। এ সময় আগাছা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড পৌর যুবদলের সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন বলেন, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। চারপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল কমানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।


পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজ উদ্দিন বলেন, পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়ায় সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কালিয়াকৈরকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার প্রত্যাশা করেন তিনি।


পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বলেন, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিও পালন করা হচ্ছে।


কর্মসূচিতে পৌর যুবদলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।



এমকে/বিএম২৪