ম্যানসিটির ড্রেসিংরুমে এনজোকে নিয়ে ছিল অধীর অপেক্ষা

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ এএম
ম্যানসিটির ড্রেসিংরুমে এনজোকে নিয়ে ছিল অধীর অপেক্ষা

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


দলবদলের শেষ দিনে চেলসি থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ব্রিটিশ রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডের এই দলবদল ঘিরে ম্যানসিটির ড্রেসিংরুমেও ছিল বাড়তি উত্তেজনা। দলের বেশ কয়েকজন খেলোয়াড় নাকি বারবার জানতে চাইছিলেন, এনজো শেষ পর্যন্ত আসছেন কি না।


এনজো ফার্নান্দেজকে কাছ থেকে চেনেন কোচ এনজো মারেস্কা। স্ট্যামফোর্ড ব্রিজে আর্জেন্টাইন এই মিডফিল্ডারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ফলে নতুন ক্লাবে এনজোর সামর্থ্য ও মানসিকতা সম্পর্কে বেশ আত্মবিশ্বাসী মারেস্কা।


কোচ জানান, এনজোকে দলে পাওয়ার বিষয়ে ম্যানসিটির খেলোয়াড়দের মধ্যেও বেশ আগ্রহ ছিল। গত কয়েক দিন ধরে দলের চার-পাঁচজন সিনিয়র খেলোয়াড় নিয়মিতই তার দলভুক্তির বিষয়ে খোঁজ নিচ্ছিলেন।


মারেস্কার ভাষায়, ‘সে একজন বিজয়ী। একটি দলে যখন একজন বিজয়ী খেলোয়াড় যোগ দেয়, তখন সবাই খুশি হয়। গত চার-পাঁচ দিন ধরে স্কোয়াডের চার-পাঁচজন খেলোয়াড় জানতে চাইছিল, সে আসছে কি না। কারণ তারা তাকে আমাদের সঙ্গে চেয়েছিল। সে আমাদের সঙ্গে আছে—এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা শতভাগ খুশি।’


২৫ বছর বয়সী এনজোর কাছ থেকে ম্যানসিটির মাঝমাঠে বড় ধরনের প্রভাব আশা করছেন কোচ। চেলসির হয়ে ১৭০ ম্যাচে ৩১ গোল ও ৩০টি অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন। ক্লাব পর্যায়ে শিরোপা জয়ের পাশাপাশি ২০২২ বিশ্বকাপও জিতেছেন তিনি।


এনজোর সবচেয়ে বড় শক্তি তার জয়ের মানসিকতা—এমনটাই মনে করেন মারেস্কা। নতুন দলের হয়ে একাধিক প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে এই মানসিকতাই তাকে গুরুত্বপূর্ণ করে তুলবে বলে মনে করছেন তিনি।


এনজোর মানিয়ে নেওয়া নিয়ে মারেস্কা বলেন, ‘আমি এনজোকে ভালোভাবে চিনি। আমি জানি, সে দলে কী প্রভাব ফেলতে পারে। সে একজন বিজয়ী এবং তার মধ্যে বিজয়ীর মানসিকতা রয়েছে। বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপ জয়ের পর কীভাবে জিততে হয়, সেটিও সে জানে।’


শনিবার কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যানসিটির জার্সিতে এনজোর অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।