ইয়েমেনে বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে শতাধিক নিহত
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের তাইজ ও হোদাইদা এলাকায় হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। গত ৪৮ ঘণ্টার লড়াইয়ে দুই পক্ষের শতাধিক সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতিদের একটি সূত্র।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) আলজাজিরাকে দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এদিকে লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী মোখার একটি রেস্তোরাঁয় হামলা চালিয়েছে হুতিরা। এতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের প্রায় অর্ধেক এলাকা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে বাকি অঞ্চল নিয়ন্ত্রণ করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
হুতিদের সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে থাকে ইরান। অপরদিকে ইয়েমেনের সরকারি বাহিনীর সমর্থনে রয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ।
সূত্র: আলজাজিরা
এমকে/বিএম২৪








