ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ এএম
ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তার ধারণা, আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের সময়কে লক্ষ্য করে এমন হামলা চালাতে পারে তেহরান।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জোয়ে হুড বলেন, মার্কিন প্রেসিডেন্টদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার ইতিহাস রয়েছে ইরানের। বিশেষ করে নির্বাচনের সময় এ ধরনের পদক্ষেপ নেওয়ার নজির রয়েছে দেশটির।


তিনি বলেন, নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বাড়ানোর মাধ্যমে ইরান রাজনৈতিকভাবে চাপ তৈরির সুযোগ নিতে পারে। কারণ মার্কিন ভোটাররা পেট্রোলের দামের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল।


বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না। সাবেক এই মার্কিন দূতের মতে, দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটাতে মধ্যস্থতাকারী দেশগুলোর কার্যকর উদ্যোগ প্রয়োজন।


জোয়ে হুড মনে করেন, মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো উদ্যোগ নিলে পরিস্থিতির সমাধানের পথ তৈরি হতে পারে। এসব দেশ উপসাগর ও উত্তর আরব সাগরে নৌবাহিনী মোতায়েন করে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করলে জাহাজে হামলা বন্ধ এবং মার্কিন নৌ-অবরোধের প্রয়োজনীয়তাও কমতে পারে বলে মন্তব্য করেন তিনি।


সূত্র: আলজাজিরা