হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের দাবি ‘তথ্য নেই’
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ উঠেছে। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ফতেয়াবাদ এলাকায় শতাধিক নেতাকর্মী মহাসড়কে মিছিল করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজের পর একদল যুবক মিছিলটি শুরু করেন। পরে মিছিলটি হাটহাজারী থেকে চট্টগ্রাম শহরের দিকে এগিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর তারা দ্রুত সড়ক ছেড়ে চলে যান।
জানা গেছে, মিছিলটির নেতৃত্বে ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের নেতা সজিব উদ্দীন। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। মিছিলে থাকা একটি ব্যানারে জুলাইয়ের গণঅভ্যুত্থান ঘিরে একাধিক হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবিও দেখা যায়।
এদিকে মিছিলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।
এমকে/বিএম২৪








