উইকেট নিয়ে ধাঁধায় অস্ট্রেলিয়া, ব্যাট ধরার কৌশলই ভুলে গিয়েছিলেন স্মিথ

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০২:১২ এএম
উইকেট নিয়ে ধাঁধায় অস্ট্রেলিয়া, ব্যাট ধরার কৌশলই ভুলে গিয়েছিলেন স্মিথ

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


বাংলাদেশের পেসারদের দাপটে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। দিনের শেষ দিকে উইকেট ব্যাটিংয়ের জন্য তুলনামূলক সহজ হয়ে আসায় বাংলাদেশও এক উইকেট হারিয়ে ৯৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে।


টানা তৃতীয় মৌসুমে ঘরের মাঠে মৌসুমের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০০ রানের নিচে অলআউট হলো অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে ডারউইনের এই ম্যাচের আগে ২০২৪-২৫ মৌসুমে ভারতের বিপক্ষে ১০৪ এবং ২০২৫-২৬ অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১৩২ রানে গুটিয়ে গিয়েছিল স্বাগতিকরা।


টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে সকালের শিশিরভেজা ও কিছুটা আঠালো উইকেটে বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি অজি ব্যাটাররা।


অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন স্টিভ স্মিথ। ৭১ রান করেন তিনি। তবে ইনিংসের শুরুতেই একাধিকবার জীবন পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। ২ রানে থাকা অবস্থায় স্লিপে ক্যাচ মিস হয় তার। এরপর ৭ রানে এবাদত হোসেনের বলে ব্যাটের কিনারা ছুঁয়ে যাওয়া বলও প্রযুক্তিগত কারণে ক্যাচ হিসেবে ধরা পড়েনি।


ম্যাচের পরিস্থিতি নিয়ে স্মিথও অস্ট্রেলিয়ার টসের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, আগের দিন পর্যন্ত উইকেট শক্ত মনে হলেও ম্যাচের সকালে শিশিরের কারণে সেটি কিছুটা নরম ও আঠালো হয়ে যায়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ হয়েছে।


স্মিথ বলেন, পরদিন সকালে আবার শিশির পড়লে উইকেট নরম হয়ে ব্যাটিং কঠিন হতে পারে। তাঁর মতে, অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ব্যর্থতার দায় অন্য কারও ওপর চাপানোর সুযোগ নেই।


বর্তমান কন্ডিশনকে অস্ট্রেলিয়ায় তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি হিসেবেও উল্লেখ করেন স্মিথ। তাঁর ভাষায়, বল অনেক বেশি সিম করছে এবং এমন পরিস্থিতিতে টপ অর্ডারে রান করতে ভাগ্যেরও প্রয়োজন হয়।


পরিস্থিতি কতটা কঠিন ছিল, সেটি বোঝাতে গিয়ে আরও মজার অভিজ্ঞতা জানিয়েছেন স্মিথ। ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইনিংসের প্রথম ৩০ বল খেলতে গিয়ে প্রায় ভুলেই গিয়েছিলেন কীভাবে ব্যাট ধরতে হয়।


স্মিথ জানান, অজান্তেই দুই হাত খুব কাছাকাছি রেখে ব্যাট ধরেছিলেন। ফলে শট খেলতে গিয়ে বল ব্যাটের কানায় লাগছিল। পরে নিজের স্বাভাবিক গ্রিপের কথা মনে পড়ে দুই হাতের দূরত্ব ঠিক করার পর ব্যাটের ফেসও সঠিক অবস্থানে ফিরতে শুরু করে।


প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় দিন সকালে বাংলাদেশের ব্যাটারদের ওপরও একই ধরনের কন্ডিশনের প্রভাব পড়বে বলে আশা করছে অস্ট্রেলিয়া। তবে প্রথম দিন শেষে ৯ উইকেট হাতে রেখে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে, তাতে ম্যাচের নিয়ন্ত্রণ আপাতত টাইগারদের দিকেই।