‘সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি, চাঁদা দাবি
সূত্রঃ সংগৃহীত
আবু কাওসার মাখন, বিশেষ প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তত পাঁচজন শিক্ষককে ‘সর্বহারা’ পার্টির পরিচয়ে ফোন করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক শিক্ষক। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
হুমকি পাওয়া শিক্ষকেরা হলেন—নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন ও অধ্যাপক কৌশিক সরকার, ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
অভিযোগের বিবরণে জানা যায়, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেনকে দুবার ফোন করে কারাগারে থাকা কর্মীদের জামিনের খরচের কথা বলে টাকা দাবি করা হয়। এ সময় কলদাতা নিজেকে ‘সিরাজ শিকদারের ছোট ভাই’ পরিচয় দিয়ে পিস্তল ঠেকানোর ভঙ্গিতে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করা হয়েছে।
পরে প্রযুক্তির মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, ফোনকলটি মাদারীপুর থেকে করা হয়েছিল। ব্যবহৃত সিমটি ‘মুফতি রেজাউল করিম’ নামে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত বলে জানা গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান জানান, বিভিন্ন সময় এমন প্রতারণামূলক ফোনকল শিক্ষকদের কাছে আসছে। এ ধরনের কলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজুন জানান, অভিযোগ পাওয়ার পর জিডি নথিভুক্ত করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
এমকে/বিডিমেইল২৪









