বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট স্নাতকদের ক্যারিয়ার নিয়ে সেমিনার

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম
বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট স্নাতকদের ক্যারিয়ার নিয়ে সেমিনার

সূত্রঃ বিডি মেইল

বুটেক্স প্রতিনিধি


বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট স্নাতকদের কর্মজীবনে অগ্রগতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিভাগের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।


সেমিনারে প্রধান অতিথি ছিলেন কোটসের সাউথ এশিয়া অ্যান্ড ট্রান্সফরমেশন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. রাজেশ লক্ষন পাল। বিশেষ অতিথি ছিলেন কোটসের বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানবসম্পদ বিভাগের প্রধান সাব্বির আহমেদ খান এবং বাণিজ্যিক পরিচালক কাজী ফায়জুর রহমান।


এ ছাড়া অনুষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাসুম, বিভাগের শিক্ষক এবং ৪৮তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে ড. রাজেশ লক্ষন পাল বলেন, কর্মজীবনে সফল হতে কারিগরি দক্ষতার পাশাপাশি সফট স্কিল অর্জনও গুরুত্বপূর্ণ। করপোরেট জগতে ইতিবাচক মানসিকতা, ধৈর্য, প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা এবং সমস্যা সমাধানের আগ্রহ পেশাগত সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


তিনি শিক্ষার্থীদের টেক্সটাইল খাতের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। একই সঙ্গে মেধাবী তরুণদের জন্য কোটসে কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দেন।


ড. রাজেশ লক্ষন পাল আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ এবং কর্মজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারবেন।


সেমিনারের উদ্দেশ্য সম্পর্কে অধ্যাপক ড. মো. মাসুম বলেন, শিল্প খাতের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানো এবং কর্মজীবন সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।


তিনি বলেন, কোটসের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে আয়োজিত ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী কর্মকর্তা (এমটিও) কর্মসূচিতে বুটেক্সের শিক্ষার্থীরা যেন বেশি সংখ্যায় অংশ নেওয়ার সুযোগ পান, সে লক্ষ্যেও বিভাগ কাজ করছে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের শিল্প খাতের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি পেশাগত দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সেমিনারের শেষ পর্বে শিক্ষার্থীরা কর্মজীবন, শিল্প খাতে কাজের সুযোগ এবং ক্যারিয়ার গঠন নিয়ে অতিথিদের বিভিন্ন প্রশ্ন করেন। অতিথিরা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং কর্মজীবনে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।