পাঁচ বছরের মধ্যে শতভাগ যুবকের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
পাঁচ বছরের মধ্যে শতভাগ যুবকের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত ফাইনালকে ঘিরে মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরফান উদ্দিনসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তাদের মাদক থেকে দূরে রাখা। তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার বিকাশ ঘটিয়ে দেশে নতুন করে ক্রীড়াজাগরণ সৃষ্টি করতে সরকার কাজ করছে।


তিনি বলেন, “আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই।”


ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার বিকাশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা খুঁজে বের করতে হবে।


তিনি বলেন, দেশে খেলাধুলাকে ঘিরে যে নতুন জাগরণ তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করে খেলাধুলাকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য।


এ সময় এম এ হান্নান বলেন, সরকার খেলাধুলাকে গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে কাজ করছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং যুবসমাজকে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।


ফাইনালে নূরপুর আব্দুর রহিম ফুটবল একাদশ ও লক্ষীপুর একাদশ মুখোমুখি হয়। ম্যাচে দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ও খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


এদিকে, ফাইনাল খেলার আগে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নাসিরনগরের ১৫৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।


খেলা শেষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


এমকে/বিএম২৪