পদ্মার তীররক্ষা বাঁধে ৫০ মিটারজুড়ে ফাটল, আতঙ্কে মাছ ঘাটের ব্যবসায়ীরা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
পদ্মার তীররক্ষা বাঁধে ৫০ মিটারজুড়ে ফাটল, আতঙ্কে মাছ ঘাটের ব্যবসায়ীরা

সূত্রঃ বিডি মেইল

রবিউল মোল্লা , শরীয়তপুর প্রতিনিধি


শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছ ঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটারজুড়ে ফাটল দেখা দিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতের দিকে বাঁধের ওই অংশে প্রথম ফাটল দেখা দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।


ফাটলের খবর ছড়িয়ে পড়ার পর নদীতীরবর্তী ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাঁধ ধসে পড়ার আশঙ্কায় মাছ ঘাট এলাকার ব্যবসায়ীরা দোকানপাট ও মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।


খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা ফাটল দেখা দেওয়া বিভিন্ন অংশ পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


ইউএনও মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ‘সুরেশ্বর মাছ ঘাট এলাকায় তীররক্ষা বাঁধে ফাটলের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। ফাটলের কারণ ও ঝুঁকির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি যাতে আরও অবনতি না হয় এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


স্থানীয় ব্যবসায়ীরা জানান, ফাটল ধীরে ধীরে বড় হলে মাছ ঘাট এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ আশঙ্কায় অনেকে আগেভাগেই মালামাল সরিয়ে নিচ্ছেন।


তবে বাঁধে ফাটল দেখা দেওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা বিষয়টি পর্যালোচনা করছেন। নদীর পানির চাপ, তীরের মাটি সরে যাওয়া কিংবা বাঁধের ভেতরের কোনো দুর্বলতা এর পেছনে ভূমিকা রেখেছে কি না, তা পর্যালোচনার পরই নিশ্চিত হওয়া যাবে।


স্থানীয়দের দাবি, ফাটল দেখা দেওয়া অংশে দ্রুত জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।