এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়া খতিয়ে দেখার নির্দেশ
সূত্রঃ সংগৃহীত
জ্যেষ্ঠ প্রতিবেদক
দেশের কোথাও এলপি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, দেশে এলপিজি সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কোনো কোনো এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে এলপিজি বিক্রি করা হতে পারে। সরবরাহ স্বাভাবিক থাকার পরও কেন সংকটের কথা শোনা যাচ্ছে এবং কোথাও অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা তথ্য ও প্রমাণসহ খতিয়ে দেখে প্রতিবেদন দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর এলপিজি আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেসব এলাকায় সরবরাহ কম রয়েছে, সেসব এলাকায় সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দাম বাড়ানোর বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কিংবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের আরও সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী।









