২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ ৩ নেতা
সূত্রঃ সংগৃহীত
হবিগঞ্জ প্রতিনিধি:
আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় মুক্ত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানসহ তিন নেতা।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে সোমবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করে পুলিশ।
পরিবারের সদস্য ও আন্দোলনকারীদের ভাষ্য, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাসসংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কোর্ট মসজিদ এলাকায় জড়ো হলে পুলিশ মাহদীসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রায় ২১ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
মুক্তির পর মাহদী হাসান বলেন, জনগণের নিত্যদিনের দুর্ভোগ ও যৌক্তিক দাবির পক্ষে শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। কোনো মামলা বা অভিযোগ ছাড়াই কেন তাদের আটক রাখা হয়েছিল, সে বিষয়ে কিছু জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ভবিষ্যতেও জনগণের যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
তবে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়ার বিষয়ে বক্তব্য জানতে হবিগঞ্জ সদর মডেল থানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমকে/বিএম২৪









