নারীদের জন্য চালু পিংক বাসে পুরুষ যাত্রী, ছবি-ভিডিও ভাইরাল
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসের প্রথম দিনেই বাসের ভেতরে পুরুষ যাত্রীর উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু হয়। চালক ও সহকারীসহ পুরো ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ রেখে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এর আগে সরকার জানিয়েছিল, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে পিংক বাস চালু করা হবে। প্রাথমিকভাবে আটটি রুটে নয়টি বাস চালানোর পরিকল্পনার কথা জানানো হয়েছিল।
তবে উদ্বোধনের দিনই বাসের ভেতরে পুরুষ যাত্রীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, নারীদের জন্য নির্ধারিত এই বাসে পুরুষ যাত্রী কীভাবে উঠলেন এবং সেবাটির নিয়ম বাস্তবায়নে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বাসের ভেতরে পুরুষ যাত্রীদের দেখা যায়। এ নিয়ে কেউ কেউ সেবাটির উদ্দেশ্য ও পরিচালনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ প্রথম দিনের ব্যবস্থাপনাগত পরিস্থিতি বিবেচনার আহ্বান জানিয়েছেন।
নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে ‘পিংক বাস’ চালুর ঘোষণা চলতি বছরের জুনে জাতীয় সংসদে দেওয়া হয়। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, বাসসেবাটি সম্পূর্ণ নারী-পরিচালিত ও নারীদের ব্যবস্থাপনায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই সেবা বাস্তবায়নের প্রথম দিনেই পুরুষ যাত্রীর উপস্থিতি নিয়ে তৈরি হওয়া বিতর্কের ফলে বাসসেবাটির পরিচালনবিধি, যাত্রী যাচাই ও নিরাপত্তাব্যবস্থা কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে—সেটিও আলোচনায় এসেছে।
তবে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর ভিত্তিতে সংশ্লিষ্ট পুরুষ যাত্রীরা কী কারণে বাসে উঠেছিলেন বা কর্তৃপক্ষ তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এমকে/বিএম২৪









