প্রথমবার বিআরটিসির পিংক বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিআরটিসির মহিলা বাস সার্ভিস ‘পিংক বাসে’ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। চলন্ত বাসে স্টারলিংকের হাই পারফরম্যান্স ডিভাইস স্থাপন করে এই সংযোগ দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে একটি বাসে স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের কার্যক্রম প্রদর্শন করা হয়।
বিএসসিএল জানিয়েছে, চলন্ত বাসে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়ার সম্ভাবনা যাচাই এবং দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যেই এ পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এই পরীক্ষার মাধ্যমে গণপরিবহনে যাত্রীদের উন্নত ডিজিটাল সংযোগ দেওয়ার সম্ভাবনা যাচাই করা হবে। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন চলমান যানবাহনে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও কার্যকারিতাও পরীক্ষা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
বিএসসিএলের পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ভবিষ্যতে দেশের গণপরিবহনসহ বিভিন্ন চলমান যানবাহনে স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
এমকে/বিএম২৪









