বিদ্যুৎ-গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
বিদ্যুৎ-গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অভাব এবং জ্বালানি সংকটে দেশের তৈরি পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ বাতিল করছেন বিদেশি ক্রেতারা। চরম ক্ষতির মুখে পড়ছে দেশের পোশাকশিল্প।


এ পরিস্থিতিতে কারখানা সচল রাখা ও জাতীয় অর্থনীতি রক্ষায় সংসদে সাধারণ আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল।


সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এ বিষয়ে সাধারণ আলোচনার নোটিশ জমা দেন।


নোটিশে বলা হয়, তৈরি পোশাক (আরএমজি) খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। এতে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের জীবিকা এই শিল্পের ওপর নির্ভরশীল।


তবে বর্তমানে তীব্র জ্বালানি সংকটের কারণে শিল্পটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাব, গ্যাসের নিম্নচাপ, মধ্যপ্রাচ্যের বৈশ্বিক বিভ্রাট এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতায় কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা কমে গেছে।


নোটিশে আরও উল্লেখ করা হয়, উৎপাদন সক্ষমতা কমে যাওয়ায় বিদেশি ক্রেতারা আন্তর্জাতিক ক্রয়াদেশ বাতিল করছেন। এতে শিল্পমালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ও ব্যবসায়িক নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।


জ্বালানি সংকটের পাশাপাশি শ্রমিক অসন্তোষের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। শ্রমিকেরা ন্যায্য মজুরি, জীবনযাত্রার বাড়তি ব্যয় এবং কর্মক্ষেত্রে বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে আন্দোলন করছেন। অনেক ক্ষেত্রে আলোচনা ব্যর্থ হওয়ায় মালিকপক্ষ কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে।


এ পরিস্থিতিকে কেন্দ্র করে স্বার্থান্বেষী ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি বন্ধে সরকার, মালিক ও শ্রমিকপক্ষকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।


এ ছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য পাওয়া তিন বছরের সময়সীমা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ সময়ে পোশাকশিল্পের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।


নোটিশে বলা হয়, পোশাকশিল্পের সংকট মোকাবিলা, শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সুপরিকল্পিত ও টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রয়োজন।


সার্বিক জনস্বার্থ বিবেচনায় এসব বিষয়ে জাতীয় সংসদে অবিলম্বে বিস্তারিত সাধারণ আলোচনার আহ্বান জানানো হয়েছে।


এমকে/বিএম২৪