খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমার মৃত্যু
সংগৃহীত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরুপন চাকমা নামে এক যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, নিরুপন চাকমা মোটরসাইকেলে করে দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে পিকআপটি খাগড়াছড়ি থেকে দীঘিনালার দিকে যাচ্ছিল। পথে কৃষি গবেষণা এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিরুপন চাকমার মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় মোটরসাইকেল আরোহীরা তাকে আটকান। পরে গাড়ি ও চালক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতের মরদেহ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে।
এমকে/বিএম২৪








