টঙ্গীতে মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক কারাগারে

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম
টঙ্গীতে মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক কারাগারে

সংগৃহীত

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের টঙ্গীতে নয় বছর বয়সী এক মাদরাসাছাত্রকে গরম বৈদ্যুতিক ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে রাব্বি হোসেন মোস্তাকিম (২৪) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। পরে আদালতের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেপ্তার রাব্বি হোসেন মোস্তাকিম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া এলাকার কবির হোসেনের ছেলে। তিনি টঙ্গী বাজারের নোয়াখালী পট্টি এলাকার মিফতাহুল উলুম মাদরাসার শিক্ষক। নির্যাতনের শিকার শিশু উসমান গণি নাঈম ওই মাদরাসার আবাসিক শিক্ষার্থী ও প্রথম শ্রেণির ছাত্র।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাত ১০টার দিকে ঘুমানোর নির্ধারিত সময়ে কয়েকজন শিক্ষার্থী খেলাধুলা ও হইচই করছিল। এতে বিরক্ত হয়ে শিক্ষক রাব্বি হোসেন নাঈমসহ কয়েকজন শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নেন। ওই সময় তিনি কাপড় ইস্ত্রি করছিলেন। একপর্যায়ে হাতে থাকা গরম ইস্ত্রি দিয়ে শিশুদের শরীরে ছ্যাঁকা দেন বলে অভিযোগ করা হয়েছে।


এজাহারে বলা হয়, নাঈমের পায়জামার ওপর দিয়ে কোমর ও দুই পায়ের সংযোগস্থলে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিলে তার শরীরের নরম চামড়া পুড়ে যায়। ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুদের ভয়ভীতি দেখান অভিযুক্ত শিক্ষক।


পরদিন ৫ নভেম্বর রাতে মায়ের সঙ্গে দেখা হলে কান্নাকাটি করে নির্যাতনের বিষয়টি জানায় নাঈম। পরে শিশুটিকে উদ্ধার করে টঙ্গী সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক মাদরাসা থেকে পালিয়ে যান।


পরবর্তীতে গত ৮ নভেম্বর বিকেলে স্থানীয়রা আপস-মীমাংসার কথা বলে কৌশলে ওই শিক্ষককে মাদরাসায় নিয়ে আসেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি, শাস্তি দেওয়ার উদ্দেশ্যে শিশুটিকে ইস্ত্রির ছ্যাঁকা দেওয়া হয়নি। শিশুরা খেলাধুলার সময় অসাবধানতাবশত গরম ইস্ত্রির ওপর পড়ে গিয়ে এ ঘটনা ঘটেছে।


টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


এমকে/বিএম২৪