১৯ সেপ্টেম্বর লং মার্চ: গাজীপুরের জনসভাস্থল পরিদর্শনে জামায়াত নেতারা
সূত্রঃ বিডি মেইল
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চ কর্মসূচি উপলক্ষে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ের সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ মোবারক হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন করে। এ সময় লং মার্চে অংশগ্রহণকারীদের অবস্থান, জনসমাগম, পথসভার প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন তাঁরা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মুহাম্মদ মোবারক হোসাইন বলেন, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ঘোষিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে লং মার্চ শুরু হয়ে গাজীপুরে প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। ভোগড়া বাইপাস এলাকায় এ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে তাঁরা আশা করছেন।
মুহাম্মদ মোবারক হোসাইন বলেন, লং মার্চকে ঘিরে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরে প্রস্তুতি চলছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যম, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও জানান, লং মার্চকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির খাইরুল হাসান ও মো. হোসেন আলী, সেক্রেটারি আ স ম ফারুক, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, গাজীপুর সিটি মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লাসহ মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতারা।
এ ছাড়া মহানগর কর্মপরিষদ সদস্য আবু সিনা মামুন, নজরুল ইসলাম ও নেয়ামতউল্লাহ সাকের, গাছা থানা জামায়াতের আমির মিয়াজউদ্দীন মাস্টার, টঙ্গী পশ্চিম থানা আমির আনোয়ার হোসেন ভূইয়া, মেট্রো সদর থানা আমির ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছাদেকুজ্জামান খানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









