হরিণাকুণ্ডু থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন পুলিশ পরিদর্শক জুলফিকার আলী
সূত্রঃ সংগৃহীত
বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক জুলফিকার আলী।
বাংলাদেশ পুলিশের এক বিশেষ প্রজ্ঞাপনে তাকে হরিণাকুণ্ডু থানায় পদায়নের পর, রোববার (৯ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুলফিকার আলী ২০০৭ সালে সাব ইনস্পেক্টর (এসআই-নিরস্ত্র) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানের পর নড়াইল সদরে পদায়ন পান। পরবর্তীতে, তিনি নিরলসভাবে দেশমাতৃকার সেবায় একাধারে লোহাগড়া, সাতক্ষীরা, মাগুরা, মেহেরপুর, পিরোজপুর সহ ঝিনাইদহ সদর সার্কেল অফিসে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি এইবারই প্রথম ওসি (অফিসার ইনচার্জ) হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন বলেও জানা যায়। দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি জুলফিকার আলী হরিণাকুণ্ডু উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এক্ষেত্রে, তিনি আপামর জনসাধারণের একান্ত সহযোগিতা কামনা করেন।
সম্প্রতি স্থানীয় সূত্রে জানা যায়, হরিণাকুণ্ডুতে মাদক, সন্ত্রাস, সামাজিক কলহ, কিশোর গ্যাঙ্, সাইবার অপরাধ, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরজমান রয়েছে।
সম্প্রতি, বিভিন্ন পত্র-পত্রিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে চলমান গুম মামলার অন্যতম আসামি ও হরিণাকুণ্ডু থানার সাবেক ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) অসিত কুমার রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম এবং অনৈতিকতার চিত্র ফুটে ওঠার পরে, নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর সামনে জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতের পাশাপাশি, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেইসাথে, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা।
স্থানীয়দের প্রত্যাশা, তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার পরিচয় দেবেন এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবেন।
এ দিকে হরিণাকুণ্ডু থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, আইনের সুশাসন প্রতিষ্ঠায় উপজেলার সকল শ্রেণি-পেশার জনগনের সর্বাত্মক সহযোগিতায় আমার একান্ত কাম্য। মাদক-সন্ত্রাস নির্মূলসহ সকল প্রকার অপরাধ দমনে ঝিনাইদহ জেলা পুলিশের অঙ্গ হিসেবে, হরিণাকুণ্ডু উপজেলা থানা পুলিশ জনবান্ধব পুলিশি সেবা সুনিশ্চিতে সর্বোচ্চ সচেষ্ট থাকবে।









