সুনামগঞ্জে নারী শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর
সংগৃহীত
মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নাগরিকদের মতামত ও সুপারিশসম্বলিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছে হস্তান্তর করেছে এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)।
ইরা বাস্তবায়িত নাগরিকতা প্রকল্পের আওতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে এ সামাজিক নিরীক্ষা পরিচালিত হয়।
‘জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় উঠে আসা আলোচনা, নাগরিকদের মতামত ও পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদন ও সুপারিশমালা প্রণয়ন করা হয়।
প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান এবং ফিল্ড কো-অর্ডিনেটর ত্রিপ্তী দে।
এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট চারটি উপজেলার নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিদ্যমান সুযোগ-সুবিধা, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিহ্নিত করা। পাশাপাশি এসব বিষয়ে নাগরিকদের মতামত ও সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়তা করা।
ইরা মনে করে, নারীর শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে কার্যকর সংলাপ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
সংশ্লিষ্টরা আশা করছেন, সামাজিক নিরীক্ষায় উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হলে নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এমকে/বিএম২৪








