দুই দফা প্রধানমন্ত্রীর সফরেও মেলেনি ঘোষণা, মোংলা নদীতে সেতুর অপেক্ষা দীর্ঘ হচ্ছে

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
দুই দফা প্রধানমন্ত্রীর সফরেও মেলেনি ঘোষণা, মোংলা নদীতে সেতুর অপেক্ষা দীর্ঘ হচ্ছে

সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


প্রধানমন্ত্রীর দুই দফা মোংলা সফর, নতুন সরকারের দায়িত্ব গ্রহণ এবং একাধিক একনেক বৈঠক—কোনো পর্যায়েই এখন পর্যন্ত মোংলা নদীর ওপর সেতু নির্মাণের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। দীর্ঘদিনের এই জনদাবি নিয়ে স্থানীয়দের প্রত্যাশা থাকলেও প্রকল্পটি এখনো একনেকের অনুমোদনের জন্য উপস্থাপিত হয়নি। নির্মাণকাজ শুরুর সম্ভাব্য সময় কিংবা প্রকল্প বাস্তবায়নের নির্দিষ্ট পরিকল্পনা নিয়েও সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি। এতে হতাশা বাড়ছে মোংলাবাসীর মধ্যে।


মোংলা সমুদ্রবন্দর ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ঘিরে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের একটি অংশকে প্রতিদিন মোংলা নদী পার হয়ে কর্মস্থলে যেতে হয়। অথচ নদীর ওপর সেতু না থাকায় তাঁদের যাতায়াতের প্রধান ভরসা নৌযান।


স্থানীয়দের অভিযোগ, কর্মস্থলে যাওয়ার নির্দিষ্ট সময় থাকলেও নদী পারাপারের জন্য অপেক্ষা করতে হয়। বিশেষ করে সকাল ও বিকেলে কর্মজীবী মানুষের যাতায়াতের চাপ বাড়লে নৌযানের ওপর নির্ভরশীলতা ভোগান্তি আরও বাড়িয়ে তোলে। কখনো নৌযানের সংকট, কখনো দীর্ঘ অপেক্ষা, আবার কখনো বৈরী আবহাওয়ার কারণে সময়মতো কর্মস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।


এ সমস্যার প্রভাব পড়ছে শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর। তাঁদেরও প্রতিদিন নদী পারাপার করতে হয়। জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে দ্রুত যোগাযোগ নিশ্চিত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। ফলে সেতুর অভাবে শুধু ব্যক্তিগত যাতায়াত নয়, এলাকার সার্বিক যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।


মোংলাবাসীর প্রত্যাশা ছিল, প্রধানমন্ত্রীর দুই দফা সফরকে কেন্দ্র করে দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগের ঘোষণা আসবে। বিশেষ করে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর হিসেবে পরিচিত মোংলার গুরুত্ব বিবেচনায় নদীর ওপর সেতু নির্মাণের বিষয়টি অগ্রাধিকার পাবে বলে আশা করেছিলেন তাঁরা। কিন্তু দুই দফা সফরেও সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।


এরপর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়। কিন্তু পরবর্তী একনেক বৈঠকগুলোতেও প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপিত না হওয়ায় সেই আশাও অনেকটা ম্লান হয়ে পড়েছে। প্রকল্পটির বর্তমান প্রশাসনিক অবস্থান, অনুমোদনের সম্ভাব্য সময় ও অর্থায়ন সম্পর্কে নির্দিষ্ট তথ্য না থাকায় অনিশ্চয়তা আরও বাড়ছে।


স্থানীয়দের অভিমত, মোংলা বন্দর ও ইপিজেডের কার্যক্রম সচল রাখতে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর ওপর সেতু নির্মিত হলে দুই পাড়ের মানুষের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। শ্রমিকদের যাতায়াতে সময় ও ব্যয় কমবে। পাশাপাশি পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং বন্দরনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসতে পারে।


এ অবস্থায় এলাকাবাসী আর আশ্বাস নয়, সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ দেখতে চান। তাঁদের দাবি, দ্রুত সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করে প্রকল্প অনুমোদন, অর্থ বরাদ্দ এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করতে হবে। একই সঙ্গে একনেকে প্রকল্পটি উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন।


মোংলাবাসীর প্রশ্ন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একটি সমুদ্রবন্দর ও ইপিজেডের যোগাযোগব্যবস্থার এমন সীমাবদ্ধতা আর কত দিন থাকবে? দুই দফা প্রধানমন্ত্রীর সফরের পরও যখন সেতু নির্মাণের ঘোষণা মেলেনি এবং একনেকেও প্রকল্পটি ওঠেনি, তখন দীর্ঘদিনের এই জনদাবি বাস্তবায়নের উদ্যোগ কবে দৃশ্যমান হবে?


এমকে/বিএম২৪