নিজের জায়গা দান করে শিক্ষার আলো ছড়াতে এগিয়ে এলেন এমএ হান্নান এমপি

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
নিজের জায়গা দান করে শিক্ষার আলো ছড়াতে এগিয়ে এলেন এমএ হান্নান এমপি

সংগৃহীত

 জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


নিজের দান করা জায়গায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান। তাঁর উদ্যোগে ‘এম.এ. হান্নান উচ্চ বিদ্যালয়’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর ও লাহাজুরা মাদ্রাসা সংলগ্ন কদমতলা সড়কে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিদ্যালয়টির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি, শিক্ষানুরাগী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় খোলা মাঠে একসঙ্গে হাত তুলে বিদ্যালয়ের সফল নির্মাণ ও এলাকার উন্নতি কামনায় বিশেষ দোয়া করা হয়।


মোনাজাতে বিদ্যালয়ের নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া, এলাকার শান্তি ও সমৃদ্ধি, দেশের কল্যাণ এবং সব ধরনের বিপদ-আপদ ও দুর্ঘটনা থেকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি মাতৃভূমি বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে কবুল করার জন্যও দোয়া করা হয়।


স্থানীয়রা জানান, নুরপুর, লাহাজুরাসহ আশপাশের গ্রামের অনেক শিক্ষার্থীকে এতদিন দূরে গিয়ে পড়াশোনা করতে হতো। যাতায়াতের অসুবিধার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারত না। ফলে ঝরে পড়ার ঘটনাও ঘটত। নিজ এলাকায় একটি মানসম্মত বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে, মেয়েদের শিক্ষার সুযোগ বাড়বে এবং নতুন প্রজন্মের শিক্ষার পথ সুগম হবে বলে তাঁরা আশা করছেন।


একজন অভিভাবক বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা এখন বাড়ির পাশেই ভালো স্কুলে পড়তে পারবে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এমপি সাহেব নিজের জায়গা দিয়ে আমাদের স্বপ্ন পূরণের পথ করে দিয়েছেন।’


আরেকজন স্থানীয় মুরুব্বি বলেন, ‘এই স্কুল থেকে আগামী দিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। স্কুলটি আমাদের এলাকার আলোকবর্তিকা হয়ে উঠবে।’


আয়োজক ও স্থানীয়রা আশা প্রকাশ করেন, বিদ্যালয়টি শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও ভূমিকা রাখবে।


দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মানুষের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় এলাকাবাসী বিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে পাঠদান কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


এমকে/বিএম২৪