সিংগাইরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
সূত্রঃ সংগৃহীত
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে জেলার সাটুরিয়া উপজেলার জে.আর স্টাইল পয়েন্ট এলিভেনকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হরিরামপুর উপজেলার ফয়সাল স্পোর্টিং ক্লাব।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বায়রা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা শুরুর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। জায়গা না পেয়ে অনেকে আশপাশের ভবনের ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করেন।
৭০ মিনিটের নির্ধারিত খেলায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে শিরোপার লড়াই। নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করলে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। পরে শিরোপা নির্ধারণে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফয়সাল স্পোর্টিং ক্লাব।
ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য ফয়সাল স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক হিমেল ম্যাচসেরার পুরস্কার লাভ করেন।
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও আতশবাজি ফুটিয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেওয়ান সোহেল। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করে বায়রা তরুণ সংঘ।
চ্যাম্পিয়ন দল ফয়সাল স্পোর্টিং ক্লাবকে এক লাখ টাকা প্রাইজমানি দেওয়া হয়। রানার্সআপ জে.আর স্টাইল পয়েন্ট এলিভেন পায় ৫০ হাজার টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সেরা ১০ দর্শককেও পুরস্কৃত করা হয়।
খেলায় ধারাভাষ্য দেন এস আর হাবিব। রেফারির দায়িত্ব পালন করেন ফাহিম আশরাফ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আশরাফুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম স্বাধীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল শরীফ খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এমকে/বিএম২৪









