সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
সংগৃহীত
মো. মাহফুজুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি
নেত্রকোনায় রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার বিজয় চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এ ধরনের হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
বক্তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল চৌধুরী, আনন্দ টিভির সাংবাদিক কাওসার টিটু ও নাগরিক টিভির সাংবাদিক মোস্তুফা শাওনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মিজানুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে সাংবাদিক হত্যা বন্ধ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
এমকে/বিএম২৪









