মঙ্গলবার রংপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম
মঙ্গলবার রংপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর ব্যুরো


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে নগরীর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।


জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচিতে ধর্মসভা মন্দির পরিদর্শনের বিষয়টি রয়েছে। তবে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরীর শ্রীশ্রী করুণাময়ী কালিমন্দির ও গুপ্তপাড়া মন্দিরও প্রস্তুত করা হচ্ছে।


সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরে সড়কপথে রংপুর নগরীতে এসে বেলা ১১টার দিকে ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সড়কপথে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে পরবর্তী গন্তব্যে যাত্রা করবেন তিনি।


প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রংপুরের বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর সফল করতে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।


রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। সফর সফল করতে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।


তিনি বলেন, দেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা হতে যাচ্ছে যে, প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে শারদীয় দুর্গোৎসব দেখতে রংপুরের মতো অঞ্চলে আসছেন।


এমকে/বিএম২৪