ত্রিশালে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম
ত্রিশালে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংগৃহীত

রাকিবুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার প্রত্যয় নিয়ে ময়মনসিংহের ত্রিশালে উদযাপিত হয়েছে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার (১৭ অক্টোবর) ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশেদুল আলম মুজিবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, এটিএম মনিরুজ্জামান, অধ্যাপক আলমগীর কবীর, রেজাউল করিম বাদল, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, এইচ এম জোবায়ের হোসাইন, এ এসএম হোসাইন শহীদ, মতিউর রহমান সেলিম, মো. সেলিম, মামুনুর রশিদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে সংবাদমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক কালবেলা প্রতিষ্ঠালগ্ন থেকে পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জাতীয় বিষয়ে জনমত গঠনে ভূমিকা রেখে চলেছে।

তাঁরা আশা প্রকাশ করেন, পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে কালবেলার অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করতে হবে। মানুষের অধিকার রক্ষা এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে তাঁরা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি ভবিষ্যতেও পাঠকের আস্থা ধরে রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

এমকে/বিএম২৪